কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় নৌকাসহ চার জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।
অপহৃত জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা ও নৌকার মাঝি মো. হাছান (৩০), আবদুর রকিম (২০), মো. জাবের (২৬) এবং মো. হাছান (১৬)।
দক্ষিণ নৌ-ঘাটের সভাপতি বশির আহমেদ বলেন, “আজ সকালে নাফ নদে মাছ ধরতে যান জেলেরা। আরাকান আর্মির সদস্যরা এসে জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জেলে পল্লীগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি বিজিবি ও প্রশাসনকে জানানো হয়েছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।”
এর আগে, গত বছরের ৬ অক্টোবর শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ছয়টি ট্রলার নিয়ে ৫৮ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ৯ অক্টোবর তাদের অপহরণ করে মিয়ানমার নৌ বাহিনী। এ সময় তারা একটি ট্রলার লক্ষ্য করে গুলি চালালে তিন জেলে গুলিবিদ্ধ হন। যার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে জেলেদের দেশে ফেরত আনা হয়।
এছাড়া, গত বছরের ১৫ অক্টোবর মিয়ানমারের রাখাইনে অনুপ্রবেশ করা আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ১৬ জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত আনা হয়েছিল।

রিপোর্টারের নাম 
























