বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ আজ মুক্ত অবস্থায় সাধারণ জনগণের সামনে আসতে পারছেনা, এর চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। তারা জনগণ থেকে ধিক্কৃত। তিনি বলেন, বিএনপিতে পরিক্ষিত সৈনিক যারা রাজপথে আন্দোলনে ছিলো, যাদের রক্ত ঝরেছে, যারা মামলা খেয়েছে, যারা কারাগারে গিয়েছে। তাদেরকে মূল্যায়ন করতে দলের নেতাদের প্রতি নির্দেশ দেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের পৌরসভা প্রাঙ্গণে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবীতে কেন্দ্র ঘোষিত জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, এডভোকেট সুনীল কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আয়াছ আহমদ, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান ও কমলগঞ্জ, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া ও বড়লেখা বিএনপির নেতারা সহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

রিপোর্টারের নাম 
























