টেস্ট থেকে রোহিত শর্মা অবসর ঘোষণার পরপরই ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এই সংস্করণকে বিদায় জানাতে চান আরেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলিও। তবে তারকা এই ক্রিকেটারকে এখনই বিদায় জানাতে চাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে নিজের সিদ্ধান্তে নাকি অনড় কোহলি। বোর্ডের অনুরোধ তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
রোহিত অবসর নেওয়ায় ভারত দলে এখন একমাত্র কোহলিই আছেন, ব্যাটিংয়ে যার দীর্ঘ অভিজ্ঞতা আছে। তিনি অবসর নিলে মিডল অর্ডারে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়বে ভারতের ব্যাটিং লাইন আপ। তাই কোহলিকে অনুরোধ করে সিদ্ধান্ত বদলানোতে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বোর্ডের প্রভাবশালী এক কর্তাকে। তাতেও নাকি কাজ হয়নি।
টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘কোহলি দুই সপ্তাহ আগে নির্বাচকদের টেস্ট ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তারা তাকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন। তবে, তিনি এখনো তার অবস্থানে অনড়। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের নির্বাচনী সভায় আসবে।’
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির সময় খারাপ পারফরম্যান্সের পর এই সংস্করণে কোহলির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে, অনেকেই মনে করেছিলেন, আসন্ন ইংল্যান্ড সফরটি পরীক্ষা হিসেবেই নেবে ৩৬ বছর বয়সী এই ব্যাটার। তবে সবশেষ ১০ দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে।
কোহলির অবসরের গুঞ্জনের মধ্যে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ শামিকে ইংল্যান্ড সফরে পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিসিআইয়ের সূত্র দিয়ে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘এখনো পর্যন্ত শামি অটোমেটিক চয়েজ নন। (ইনজুরি কাটিয়ে) আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার বেশ কয়েক মাস হয়ে গেছে, কিন্তু তিনি ছন্দে নেই। যদিও ভারতের দল নির্বাচনের সময় সাধারণত আইপিএলের পারফরম্যান্স বিবেচনা করা হয় না, সেখানেও শামি তার রান-আপ শেষ করতে হিমশিম খাচ্ছেন এবং বল উইকেটরক্ষকের কাছে পৌঁছাচ্ছে না।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























