২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই বীর শহিদদের সম্মানে শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’র প্রধান লক্ষ্য শহিদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানানো এবং শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করে দেশের মেধাবী, অথচ আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করা। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/প্রতিষ্ঠানসমূহে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ মোট ২০২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
তিনি জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ১ জুলাই সকাল ১১টায় তার কার্যালয়ের জুলাই শহিদ স্মৃতি
শিক্ষাবৃত্তির চেক বিতরণের মাধ্যমে মাসব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম, বিশ্ববিদ্যালয়ের ডিন, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























