গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী কালিয়াকৈর উপজেলা দলীয় অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এসে পার্টি অফিস কলঙ্কিত করেছেন। এমন অভিযোগ এনে এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এতে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর বাজারে বিএনপি কার্যালয় দুধ দিয়ে দেওয়ার একটি ভিডিও বৃহস্পতিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছাত্রদল ও বিএনপি নেতা-কর্মীরা জানান, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে কালিয়াকৈর উপজেলা বিএনপির বিজয় মিছিলে বিএনপির একটি পক্ষের সঙ্গে আওয়ামী লীগের সাবেক নেতা–কর্মীরা ছিলেন। সকাল ১০টার পর তাঁরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এতে গণ-অভ্যুত্থানকে অপমান করা হয়েছে, পাশাপাশি দলীয় ভাবমূর্তিও নষ্ট হয়েছে বলে মনে করেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “কিছু ছেলেপেলে দুধ দিয়ে অফিস ধুয়ে ভিডিও করেছে। ওরা কে, কি করল, সেগুলি দেখায় বিষয় নয়। আমরা যাদের নিয়ে নতুন কমিটি করেছি, সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।”

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























