গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।
পুলিশের এই কর্মকর্তা জানান, সাংবাদিক তুহিন হত্যা মামলার সরাসরি জড়িত অন্যতম আসামি মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ জালাল কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা। এ ছাড়া গাজীপুরের চান্দোপাড়া বাসন এলাকা থেকে আসামি ফয়সাল হাসান ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপি পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























