রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোন্তাসেরুল আলম অনিন্দ্য এবং তার দুই সহযোগী রবিন ও ফয়সালের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার রাতে বোয়ালিয়া মডেল থানার এমআই রেজাউল করিম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোররাত থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকায় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মোন্তাসেরুল ইসলাম অনিন্দ্যের ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালায়। এসময় অনিন্দ্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়।
অনিন্দ্যকে ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড এবং গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ওই দুটি মামলা থেকে রেহাই পান।

রায়হান রোহানঃ 

























