ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় বান্ধবীকে কোলে বসিয়ে বাইক চালানোর দায়ে এক তরুণকে বড় অঙ্কের জরিমানা গুনতে হলো। ট্রাফিক আইনের বিভিন্ন ধারা ভঙ্গ করায় তার কাছ থেকে আদায় করা হয়েছে ৫৩ হাজার ৫০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাত্তর হাজার টাকা।
নয়ডার একটি সড়কে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, সিনেমার রোমান্টিক দৃশ্যের অনুকরণে বান্ধবীকে কোলে বসিয়ে বাইক চালাচ্ছেন তিনি।
হেলমেট না পরা ও নিরাপত্তা বিধি ভঙ্গের কারণে পুলিশ তাকে জরিমানা করে।
উত্তরপ্রদেশ ট্রাফিক পুলিশ ভিডিওটি প্রকাশ করে মজার ছলে লিখেছে, “রোমিও-জুলিয়েট নয়ডার রাস্তায় বাইক সংস্করণ বানাতে চেয়েছিল।
কিন্তু এই গল্পের শেষটা হয়েছে প্রেমের গান নয়, বিশাল জরিমানার মাধ্যমে! তাই নিরাপদে চলুন, নিয়ম মানুন, প্রেমকেও টিকিয়ে রাখুন।
ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে নানা মন্তব্য আসে। একজন লিখেছেন, “এখন আসল প্রশ্ন হলো জরিমানা দেবে কে—রোমিও, জুলিয়েট, নাকি তাদের বাবা-মা?
যদি বাবা-মা টাকা দেন, তবে সম্পর্কটা ফাঁস হয়ে যাবে! তাই সাবধান, নিয়ম মেনে চলুন।” সূত্র: এনডিটিভি

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























