সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বেলা ১১টায় সুলতানা পারভীন জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন।
প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ করায় ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে ডিসি অফিসে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।
এরপর আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। এ ঘটনায় সারা দেশে তোলপাড় হয়।
পরে কারামুক্ত হয়ে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। সম্প্রতি সাবেক ডিসি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। স্থায়ী জামিন নিতে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























