রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের দিনের পর দিন শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহাবুব আলমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ, সুযোগ পেলেই তিনি শিক্ষার্থীদের গায়ে হাত দেন। সবশেষ গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন।
অভিভাবকেরা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ অভিভাবকেরা।
অভিযুক্ত শিক্ষক শাহাবুব আলম বলেন, “চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির কথা বলা হচ্ছে। এটা কি করে সম্ভব? আমি আসলে এ রকম না। এটা স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার। আমাকে ফাঁসানো হচ্ছে। এখন তদন্ত হবে, আমি ছুটি নেব।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) তিনি বিষয়টি জানিয়েছেন। তদন্ত করে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। অভিভাবকদের তিনি এ কথা বলেছেন।”

রায়হান রোহানঃ 






















