বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহীর সাবেক সিটি মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। মহিলা দল সবসময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল। এটি আমাদের জন্য অনুপ্রেরণা।
মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) নগরীর সাহেব বাজারে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিনু এসব কথা বলেন।
মিনু বলেন, সংগঠনে পদ-পদবির প্রতিযোগিতা থাকতে পারে, এটি অস্বাভাবিক নয়। তারপরও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে কাজ করতে হবে। দেশের উন্নয়নে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। বর্তমানে আমাদের দেশের নারী ফুটবলাররা বিশ্ব কাঁপাচ্ছে। নারীরা অদম্য হয়ে উঠেছে। যে কোনো কাজে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নারীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছে।
মিনু আরো বলেন, স্বৈরাচার হাসিনা বসে নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্ত আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের মানুষকে সাথে নিয়ে তার সব ষড়যন্ত্র রুখে দিবে। হাসিনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা দলের নেতাকর্মীদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনের সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জাহান পান্না, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি।
অনুষ্ঠানে মহানগর মহিলাদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দলটির অসুস্থ মহানগর সভাপতির রোগমুক্তি ও মৃত্যুবরণকারী নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























