একটি ম্যাগাজিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পর্তুগিজ ফুটবল তারকা রুবেন নেভেস। যেখানে একটি ভুল ব্যাখ্যা করা ছবি ছেপে তাকে প্রয়াত দিয়োগো জটার স্ত্রী রুতে কারদোসোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত বলে উপস্থাপন করা হয়েছিল।
এর আগে গত জুলাইয়ের শুরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সী জটা ও তার ভাই আন্দ্রে নিহত হন। সেই ঘটনায় ফুটবল বিশ্বে নেমে আসে শোকের ছায়া। শোকস্তব্ধদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক সতীর্থ রুবেন নেভেস। যিনি জটার শেষকৃত্যে উপস্থিত ছিলেন এবং সম্প্রতি তার সঙ্গে আলিঙ্গনের একটি ট্যাটুও নিজের পায়ে আঁকিয়েছেন।
এদিকে নেভেস ও তার স্ত্রী ডেবোরা লরেঞ্চো একসঙ্গে আছেন দশ বছরেরও বেশি সময় ধরে। পাশাপাশি জটার মৃত্যুর পর থেকে তার স্ত্রী রুতে এবং পরিবারের পাশে সবসময় ছিলেন নেভেস।
উল্লেখ্য, জটা মৃত্যুর ঠিক কয়েকদিন আগে রুতে কারদোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি রেখে গেছেন তিন সন্তান।
এই প্রেক্ষাপটেই বিতর্ক তৈরি করে পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া। যেখানে “মৃত্যুর পর: কীভাবে দিয়োগো জটার বিধবা তার সেরা বন্ধুর ওপর ভরসা করছেন” শিরোনামে একটি প্রতিবেদন ছাপে তারা। তবে সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল সংবেদনশীল সেই প্রতিবেদনের সঙ্গে ছাপানো একটি ছবি, যা এমনভাবে ফ্রেম করা ছিল— যেন নেভেস ও রুতে চুম্বনের মুহূর্তে আছেন।
ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেভেস। তিনি এই ধরনের বিভ্রান্তিকর প্রচারকে ঘৃণ্য এবং অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন। অনেকেই মনে করছেন, এমন সময়ে যখন জটার পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি, তখন এই ধরনের ‘সস্তা গসিপ’ অপ্রয়োজনীয় এবং নিষ্ঠুর।
নেভেসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি শুধু বন্ধু হিসেবে নয় জটার সন্তানদের সুরক্ষা এবং পরিবারের পাশে থাকার মানবিক দায়িত্ব থেকেই রুতের পাশে আছেন। কিন্তু এই সম্পর্ককে নিয়ে গুজব ছড়ানো তার ব্যক্তিগত এবং পারিবারিক সম্মান ক্ষুণ্ন করেছে।
সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে টিভি গুইয়ার বিরুদ্ধে। অনেকেই দাবি করছেন, সংবেদনশীল বিষয়কে পুঁজি করে বিক্রি বাড়ানোর এমন প্রচেষ্টা অনৈতিক এবং সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী।
প্রয়াত জটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুটবল বিশ্ব এখনো স্মরণ করছে তাকে। আর সেই স্মৃতিকে ঘিরেই নেভেসের মতো বন্ধুর ভূমিকা যে কতটা মানবিক ও গভীর— তা এমন খবরের শিরোনামে দুঃখজনকভাবে আড়াল হয়ে যাচ্ছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























