বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্গাপূজার দশমীর দিন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়া পাঁচজনের মধ্যে আরো দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। গুরুতর অসুস্থ আরো একজন আনসার সদস্য আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেলে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের আ. কাফি (৩০) এবং মানিক মিয়া (১৮)। জানা গেছে, বিকেল ৪টা ১০ থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে নেফ্রলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর মারা যান খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের স্বামী মিজানুর রহমান লিটন (৫৫)। এরপর গত ৯ অক্টোবর মারা যান নাছিদুল সোনার (২৭)।
মৃত এই চারজনসহ মোট পাঁচজন গত ২ অক্টোবর (দশমীর দিন) শাজাহানপুর উপজেলা বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা নামক স্থানে একসঙ্গে মদ্যপান করেছিলেন।
ওসি শফিকুল ইসলাম জানান, মদপানের পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তারা বাড়িতেই চিকিৎসা নেন।
কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর পরিবারের সদস্যরা তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আ. কাফি ৩ অক্টোবর এবং মানিক মিয়া ৪ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওই ঘটনায় মদ্যপানকারী পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন। গুরুতর অসুস্থ আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০) বর্তমানে শজিমেক হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ওসি আরো জানান, মৃতদের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























