পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম মুরাদের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রবিবার শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি ও অবিলম্বে অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সহকারী অধ্যাপক দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ ও অনৈতিক কথাবার্তা চালিয়ে আসছিলেন। সম্প্রতি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
বিক্ষোভ মিছিল কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ঘুরে ডিগ্রি চত্বর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে পরিণত হয়। শিক্ষার্থীরা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়ালের নিকট একটি স্মারকলিপি ও প্রমাণাদি সংবলিত পেন ড্রাইভ জমা দেন।
অধ্যক্ষ আশ্বস্ত করেন, শিক্ষার্থীদের স্বার্থে ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তেজনার কারণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























