বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “দেশে এমন কিছু রাজনৈতিক দল রয়েছে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, জান্নাতের টিকেট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়; তাদের হাতেই নারীরা নির্যাতনের শিকার হয়।”
আজ শুক্রবার রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে সচেতন নারী সমাজের মৌন মিছিল’ শীর্ষক পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়
সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল করে, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন—শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে বা অতীতে হয়েছে, তার কোনো কার্যকর প্রতিবাদ এখনো গড়ে তুলতে পারিনি। কিছু কিছু আইনপ্রণয়ন হয়েছে, কিন্তু কোনো ঘটনার প্রেক্ষিতে আইন কঠিন হলেও তা সঠিকভাবে কার্যকর হয় না।
আইনের ফাঁকফোকর দিয়ে নারী নির্যাতনকারীরা বা ধর্ষকরা রেহাই পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে শক্ত আইনের অপব্যবহার করে আইনশৃঙ্খলাবাহিনীও নির্যাতন ঘটাতে পারে; এ দিকেও আমরা নজর রাখব।”

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























