বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এই শোকবার্তা পৌঁছে দেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরের দিন বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















