রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর চাঞ্চল্য আরও বেড়েছে। ফুটেজে পুরো ঘটনার একটি অংশ স্পষ্টভাবে ধরা পড়েছে, যেখানে গুলি করার পরপরই হামলাকারীদের দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।
গণমাধ্যমে পাওয়া সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তেজতুরী বাজারসংলগ্ন স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে অবস্থানরত আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ফুটেজে আরও দেখা গেছে, গুলির ঘটনার পর আশপাশে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। কয়েকজন দ্রুত আহতদের কাছে এগিয়ে আসেন এবং সহায়তার চেষ্টা করেন। ওই সময় ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মুসাব্বিরকে লক্ষ্য করে মোট পাঁচটি গুলি করা হয়। এর মধ্যে অন্তত একটি গুলি তার পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এ হামলা চালায়। ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

রিপোর্টারের নাম 





















