ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ দুজনকে আটক করেছে
নিহত মো. নজরুল ইসলাম (৪০) ঘোষগাঁও ইউনিয়নের বাকপাড়া গ্রামের বাসিন্দা।
আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধনের কিছুক্ষণ পর সন্ধ্যা ছয়টার দিকে সেখানে বিএনপির প্রার্থীর সমর্থকেরা হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে অবস্থান করা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর বলেন, আমার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই বিএনপি দলীয় প্রার্থীর সমর্থকেরা হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে আমার এক কর্মী নিহত হয়েছেন।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীর লোকজন হামলা চালিয়ে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনার পরপরই দুজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























