প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে সম্প্রতি ওঠা অনিয়মের অভিযোগসহ একাধিক নির্বাচনী ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে।
বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যার ফলে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও তুলে ধরে বিএনপি। এসব বিষয়কে কেন্দ্র করেই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করছেন দলীয় নেতারা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















