নাটোরে জনস্বার্থে ব্যবহৃত নাটোর পৌরসভার গুরুত্বপূর্ণ আইসিইউ-সমৃদ্ধ অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ওই অ্যাম্বুলেন্স ব্যবহারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, জরুরি রোগীসেবার জন্য নির্ধারিত নাটোর পৌরসভার অ্যাম্বুলেন্সটি ভোটের প্রচারে মাইকিং ও ব্যানার বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে যেমন জরুরি সেবায় বিঘ্ন ঘটছে, অন্যদিকে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে।
তাদের মতে, অ্যাম্বুলেন্স মানেই জীবন বাঁচানোর বাহন। সেটি যদি ভোটের কাজে ব্যবহার করা হয়, তাহলে অসুস্থ মানুষ যাবে কোথায়—এমন প্রশ্ন তোলেন তারা। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























