বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এটা জানতে পেরে তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক। তাই সরকারকে বলবে তাদের প্রটোকল বিএনপির তিনগুণ বাড়িয়ে দিন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার এলাকার আইনপুরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে। দেখেছেন আপনারা…এই সংবাদ দেখেছেন…তাহলে আমি বলব আপনারা সতর্ক থাকবেন। সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি জনতার উদ্দেশে বলেন, যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম সেই দলটি সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবত আমরা দেখতে পারছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। শুধু মিথ্যা কথাই না, গুণাহের কথা তারা বলছে।
তারেক রহমান জনতার উদ্দেশ্যে বলেন, দলটি কীভাবে মিথ্যা কথা বলছে চলেন শুনি আমরা। আজ আমরা যে মাটির বুকে দাঁড়িয়ে আছি এই মাটির নাম কী বলেন তো? এই মাটির নাম বাংলাদেশ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে। যে দলটি সম্পর্কে আপনাদের সজাগ থাকতে বলছি…আমরা দেখেছি তখন কী ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেইসময় দেশের পক্ষে থাকত…যদি তাদের ভূমিকা সেসময় দেশের জনগণের পক্ষে থাকত…তাহলে ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ শহীদ হত না। আজ তারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন এবার। আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















