বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বিএনপির আজকের লড়াই। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আজ একটি দল কুৎসা রটাচ্ছে। তারা মানুষের ভোট পাবে না। তারা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই তাদের বিরুদ্ধে।
বিএনপি মহাসচিব আরও বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে। কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা।
এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির এই নির্বাচনী জনসভা। স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যের পর দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে পা রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। এসময় স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।
তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























