ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হক (প্রতীক কোদাল) ও বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী সাইফুল আলম নীরবের (প্রতিক ফুটবল) সমর্থকদের মধ্যে হওয়া সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডে সাইফুল হকের সমর্থনে করা মিছিলে এ ঘটনা ঘটে। সাইফুল আলম নীরবের সমর্থকরা হামলা করে নিজের সমর্থকদের আহত করেছেন বলে দাবি করেছেন সাইফুল হক।
আহতদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)।
ঢামেক হাসপাতালে আহতদের দেখতে এসে সাইফুল হক বলেন, ‘আমরা আমাদের ঢাকা-১২ আসনের মগবাজার মীরবাগ এলাকায় মিছিল শেষে ফেরার পথে, বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সর্মর্থিত মাসুমের নেতৃত্বে ৩০/৪০ জন আমাদের কর্মীর ওপর হামলা চালিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি জানান। এর আগে আহতদের খোঁজ খবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আমরা এ ব্যাপারে মামলা করব।’
তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ১২ আসনে কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখানে বাড়তি নিরাপত্তার জন্য নিবার্চন কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















