কুমিল্লা-৪ আসনে কালো টাকা প্রবেশের অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, বিভিন্ন এলাকা দিয়ে অর্থ ছড়িয়ে ভোট কেনার চেষ্টা চলছে। যেসব কুলাঙ্গারকে টাকাসহ দেখা যাবে, পাঞ্জাবীসহ ধরে তাদের বেঁধে রাখতে হবে। তাদেরকে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দিতে হবে। এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা এবং ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শুনতে পেয়েছি, দেবিদ্বারের বিভিন্ন প্রান্ত দিয়ে কালো টাকা প্রবেশ করছে। আপনারা যেখানেই এসব দেখবেন, দেবিদ্বারের এনসিপির কন্ট্রোল রুমে জানাবেন অথবা প্রশাসনকে জানাবেন। আমি খবর পেলেই যতদ্রুত সম্ভব সেখানে যাব।
তিনি বলেন, ভোট আমাদের পবিত্র আমানত। অর্থ দিয়ে ভোট কেনার অপচেষ্টা আমরা কোনোভাবেই হতে দেব না। কালো টাকা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। আমরা মাঠে থেকে তা প্রতিরোধ করব।
হাসনাত অভিযোগ করে বলেন, জাফরগঞ্জের কয়েকটি এলাকায় কয়েকজন স্বর্ণকার অর্থ নিয়ে প্রবেশ করেছেন। বরকামতায় অর্থ নিয়ে ঢোকা হয়েছে এবং সেখানে কিছু প্রিজাইডিং কর্মকর্তা ইতিমধ্যে প্রভাবিত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এ ছাড়া সুলতানপুর রাজামেহার ও ফতেহাবাদ ইউনিয়নেও অর্থের ছড়াছড়ি হচ্ছে।
তিনি আরও বলেন, দেবিদ্বারে সবাই নিরপেক্ষ নির্বাচন চায়। এখানে যারা অর্থ নিয়ে আসবেন সবাইকে চূড়ান্ত পরিণতি দেখানো হবে। প্রত্যেকটা ওয়ার্ডে, কেন্দ্রে কেন্দ্রে, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে আপনারা অবস্থান নেন। কোনো ভাবেই আমাদের আটকাতে না পেরে এখন অর্থ নিয়ে তারা মাঠে নেমেছে। যারা অর্থ নিয়ে মাঠে নেমেছেন আপনাদের কারও অস্তিত্ব থাকবে না দেবিদ্বারে। যারা টাকা নিয়ে আসছেন, চলে যান নয়তো অস্তিত্ব থাকবে না।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























