ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৯৯টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এসব আসনের মধ্যে বিএনপি জোট জয় পেয়েছে ২১২টি আসনে। এ ছাড়া দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন নতুন মন্ত্রিসভা গঠনের পালা। ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশের পর শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারির মধ্যে শপথ নিতে পারেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
সরকার গঠনের প্রক্রিয়া অনুযায়ী, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সংসদ নেতাই হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। সে হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল হিসেবে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে আগামী দিনে সংসদে তাদের কৌশল ও ভূমিকা কী হবে, তা এখন দেখার বিষয়।
দীর্ঘ পথপরিক্রমার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলে দেশ পেতে যাচ্ছে নতুন সরকার। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণের হিসাবনিকাশ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















