পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে মাত্র চার ঘণ্টার ব্যবধানে কার্যালয়টিতে দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল বাশারের অনুসারীরা ভাঙচুর চালিয়ে পুনরায় তালাবদ্ধ করে দিয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার প্রদর্শন করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেলা ১১টার দিকে দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল বাশারের অনুসারীরা কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এরপর কার্যালয়টি আবার তালাবদ্ধ করা হয়।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অফিস খুলে মিলাদ ও দোয়া করেছি। এলাকায় কোনো ধরনের বিরোধ নেই। আমরা শান্তির রাজনীতি করতে চাই।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। সকালে কিছু সময়ের জন্য অফিস খোলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























