রাজশাহী মহানগরীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মোঃ মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত আনুমানিক ৮টার পর রাজশাহী মহানগরীর ২৯নং ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে : নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি তার ডান পায়ে লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলায় তিনি হামলাকারীদের শনাক্ত করতে পারেননি।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ (রামেক) নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে
বর্তমানে মৃত দেহটি ময়নাতদন্তর জন্য মরগে পাঠানো হয়।
আহত মোস্তফার পিতা তইমুর উদ্দিন। তার বাড়ি গ্রাম ডাঁশমারী, পোস্ট বিনোদপুর বাজার, থানা মতিহার, রাজশাহী মহানগর।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল উত্তরভূমিকে বলেন, ‘আমাদের এখানে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। এরপর দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। কেন এই ঘটনা সেটি আমরা এখনও জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততাও আমরা এখনও জানতে পারিনি।’
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























