কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতে মরদেহ দুটি ভেসে আসে
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থানে জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে আসে। স্থানীয় জেলেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এরপর সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























