ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী লেনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শওকত বেপারি (২৩) শরীয়তপুরের জাজিরা থানার কাজিরহাট এলাকার দবির বেপারির ছেলে। আহত ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মোড়দহ এলাকার আবদুল আজিজের পুত্র।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাওয়ামুখী লেনের উপর ত্রুটি মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার কেবিনে আটকে পড়েন।
খবর পেয়ে ফায়ার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। আহত দুজনকেই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরে শওকতকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ছিলেন।
আর আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এই ফায়ার কর্মকর্তা।
দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















