রমজান মাসের সেহরি ও ইফতারের সময়ের কথা মাথায় রেখে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে।
এর আগে, অফিস সময়সূচি নির্ধারণ করে রোববার (৮ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনটি জারি করেছেন সহকারী সচিব এ বি এম আবু বকর ছিদ্দিক।
এতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে রোববার-বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















