সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া তার বড় ভাই রুহুল আমিন (৩৪) আহত হয়েছেন। রুহুলের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন বলেন, ‘বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করেন।গুরুতর আহত অবস্থায় স্বামীকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসি। ভাসুরকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ফারজানা রহমান বলেন, বেলা সাড়ে ৩টার দিকে ইব্রাহিম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল নিয়ে আসার আগেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসে। তারা হলেন কেরালকাতা ইউনিয়নের বেরবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), আরিফুলের ভাই জামাল উদ্দিন (৬২), ও জামালের স্ত্রী শাহানারা খাতুন (৫৫)।
তিনি আরও বলেন, লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 


















