শোবিজে আজকাল প্রায়শই বিদায় বা বিরতির ঘটনা ঘটছে। ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিং থেকে শুরু করে ঢাকার গায়ক তাহসান খান কিংবা অভিনেতা দম্পতি অন্তত-বর্ষা। সবটাই যেন আকস্মিক ঘটনার মতো। তারা প্রত্যেকে হুটহাট মিডিয়াকে বিরতি জানালেও সেটি যেন বিস্ময়কর বিদায় হয়ে ধরা দিয়েছে ভক্ত-সমালোচকদের মনে। কারণ, তাদের কারোরই এই সময়ে এমন বিরতিতে যাওয়ার কথা নয়।
এদিকে সেসব বিস্ময় কাটতে না কাটতে একই সুরে সুর মেলালেন সময়ের অন্যতম ব্যস্ত তরুণ তারকা সামিরা খান মাহি। তিনিও সাফ সাফ বলে দিলেন, এবার বিরতির পালা। সঙ্গে সচেতনভাবে এটুকু জানালেন, কেউ যেন এটাকে বিদায় না ভাবেন।
সামাজিক মাধ্যমে মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন। তার ভাষায়, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল উঁকি দিলেও মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী কোনও সিদ্ধান্ত নয়। তিনি সবাইকে সচেতনভাবে জানান, তবে এটা বি
দায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।
মাহির এমন পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শুভ কামনা জানাচ্ছেন। কেউ বলছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ তাকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানাচ্ছেন। তবে বিরতির কারণ খুঁজছেন বেশিরভাগ ভক্তই।
এদিকে, অনুসন্ধানে মিলেছে ১৮ ফেব্রুয়ারি এই বিরতির সিদ্ধান্ত জানিয়েই মাহি চেপে বসেছেন যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে। সেখানেই তিনি নিজ বোনের সঙ্গে থিতু হওয়ার পরিকল্পনা নিয়েছেন। যেমনটা থিতু হয়েছেন মোনালিসা, নওশীন, বন্যা মির্জা, তমালিকা কর্মকারসহ অনেকেই।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























