রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী।
সংবর্ধনার জবাবে তিনি বাগমারায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পশ্চিম বাগমারার জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি।
উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ ও নির্বাচনী পরিচালক ডা. আলমগীর হোসেন এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আউচপাড়া ইউনিয়নের আমির আল-আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল হক, কোষাধ্যক্ষ মাহাবুর রহমান ও পশ্চিম বাগমারা ছাত্রশিবিরের সভাপতি মিকদাদ হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও সংবর্ধনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রায়হান রোহানঃ 






















