চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে নেজামপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আশীষ সরকার জানিয়েছেন।
নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আশীষ বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। পরে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
“নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























