টি-টুয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ নিয়মরক্ষার জন্য বিকালে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড় থেকে অনেক আগেই ছিটকে যাওয়া টাইগারদের কাছে এই গুরুত্বহীন ম্যাচ আবার গুরুত্বপূর্ণও বটে! অজিদের বিপক্ষে জিতলে একে তো মুখ রক্ষা হবে, অপর দিকে আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হবে মাহমুদউল্লাহ বাহিনীর।
শুরুতে সেমিফাইনালের স্বপ্ন দেখিয়ে বিশ্বমঞ্চে পা রাখলেও বাংলাদেশের ভেতরের কঙ্কাল বেরিয়ে এসেছিল প্রথম পর্বেই। ঘরের মাঠে স্লো অ্যান্ড স্পিনিং ট্র্যাকে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে পড়া টাইগাররা ওমানের উইকেটে স্কটল্যান্ডের বিপক্ষেই কুপোকাত। এতেই হেরে বসে প্রথম ম্যাচ। এরপর ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারানো গেলেও, সুপার টুয়েলভে হার সবকটি ম্যাচে।
সেমি-স্বপ্ন যে বড্ড বাড়াবাড়ি ছিল, সুপার টুয়েলভের প্রথম চার ম্যাচে টিম বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স তা প্রমাণ করেছে। কিন্তু মান রক্ষা বলে তো একটা কথা আছে। আছে সান্ত্বনা বলে কিছু পাওয়া। আজ সেই লক্ষ্যেই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাঙ্গারু বধের জন্য মাঠে নামবে টাইগাররা।
মানরক্ষার এই ম্যাচে মাহমুদউল্লাহ বাহিনীর মন থাকবে র্যাংকিংয়েও। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান এখন ৯-এ। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতলে র্যাংকিংয়ের সাতে চলে আসবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। আর হেরে গেলেই নবম স্থানে থাকতে হবে তাদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























