বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ সেমিনার “ন্যারেটিভস অব এক্সক্লুশন: হোয়াট ক্যান উই লার্ন?” অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া এই সেমিনারে বক্তারা সমাজে বর্জন (exclusion), প্রান্তিককরণ, বৈষম্য ও অন্তর্ভুক্তির প্রশ্ন নিয়ে তাঁদের গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরেন।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. জো ডিভাইন, অ্যাসোসিয়েট প্রো ভাইস-চ্যান্সেলর (গবেষণা) ও অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইউনিভার্সিটি অব বাথ, ইংল্যান্ড এবং ড. ম্যাথিল্ড ম্যাইট্রো, সিনিয়র লেকচারার, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল অ্যান্ড পলিসি সায়েন্সেস বিভাগ, ইউনিভার্সিটি অব বাথ, ইংল্যান্ড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান।
সেমিনারের শুরুতে ড. জো ডিভাইন ও ড. ম্যাথিল্ড ম্যাইট্রোকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর মো. শহীদুর রহমান।
সেমিনারে বক্তারা বাংলাদেশে “ন্যারেটিভস অব এক্সক্লুশন” বিষয়ক গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। ড. ম্যাইট্রো তাঁর বক্তব্যে বলেন, “আমাদের গবেষণায় দেখা যায়, পরিবার ও নারীদের অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায় exclusion কীভাবে সমাজে গভীরভাবে প্রোথিত। একজন সমাজবিজ্ঞানীর দায়িত্ব হলো ন্যারেটিভের ভেতরে প্রবেশ করে সেটিকে নীতির আলোকে বিশ্লেষণ করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য তথ্যভিত্তিক ভূমিকা রাখা।”
ড. জো ডিভাইন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বিভিন্ন জেলার আয়ের স্তরে সুস্পষ্ট বৈষম্য রয়েছে। কিছু জেলা অর্থনৈতিকভাবে এগিয়ে থাকলেও অনেক জেলা পিছিয়ে রয়েছে। এর ফলে একই দেশের ভেতরেই এক শ্রেণির মানুষ উন্নত জীবনযাপন করছে, অপরদিকে অনেক মানুষ প্রান্তিক অবস্থায় রয়েছে। exclusion কেবল একটি সামাজিক সমস্যা নয়, এটি মানবাধিকারেরও প্রশ্ন। উন্নয়ন প্রক্রিয়ায় যাদের কণ্ঠস্বর নেই, তাদের বাস্তবতা অনুধাবন না করলে টেকসই পরিবর্তন সম্ভব নয়।
প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা বোঝা ও তার ভিত্তিতে নীতিনির্ধারণ করাই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রথম ধাপ।”
সেমিনারে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরো সেশন জুড়ে অতিথি বক্তাদের মূল্যবান মতামত ও আলোচনা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে। পরিশেষে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান-এর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























