প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রযুক্তি উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় শিক্ষার্থীরা অ্যাক্সেসিবিলিটি মানদণ্ড ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি ডিজাইনের ব্যবহারিক কৌশল বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।
বুধবার (৫ নভেম্বর) এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর ডিজএবিলিটি ইনোভেশন ল্যাবের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক অ্যাক্সেসিবিলিটি মানদণ্ড, অন্তর্ভুক্তিমূলক নকশা নীতি, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কনটেন্ট তৈরির হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মতে, অ্যাক্সেসিবল প্রযুক্তি উন্নয়নে এই প্রশিক্ষণ বাস্তব অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করে চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “প্রযুক্তিতে অ্যাক্সেসিবিলিটি কতটা গুরুত্বপূর্ণ, আজ তা হাতে–কলমে বুঝতে পেরেছি। ভবিষ্যতে নিজের কাজেও এই জ্ঞান কাজে লাগাতে চাই।”
প্রশিক্ষক ভাস্কর ভট্টাচার্য্য বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি শুধুমাত্র সফটওয়্যার নয়—এটি মানুষের জীবনকে সহজ করার একটি হাতিয়ার। আজকের অংশগ্রহণকারীরা সে মানসিকতা নিয়েই শিখেছে। এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তিতে উদ্ভাবনী কাজ এগিয়ে নিতে উৎসাহ দেবে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু রেজা বলেন, “বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন প্রবেশগম্যতা নিশ্চিত করার দিকে আরও গুরুত্ব দিচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের চাকরি ও গবেষণায় প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।”
অধ্যাপক হালিদা হোমায়রা বলেন, “অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে অ্যাক্সেসিবল প্রযুক্তি অপরিহার্য। ভবিষ্যতে এটুআই ও রাবির যৌথ উদ্যোগে আরও গবেষণা, উদ্ভাবন ও কারিকুলাম উন্নয়নের মাধ্যমে এই ক্ষেত্রটি বিস্তৃত করা হবে।”
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোকানুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের তৈরি প্রযুক্তি যেন সবার জন্য প্রবেশগম্য হয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও প্রফেসর ড. মো. মনিমুল হক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকানুজ্জামান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হালিদা হোমায়রা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এটুআই-এর অ্যাক্সেসিবিলিটি পরামর্শক ভাস্কর ভট্টাচার্য্য।

মো. বিপ্লব উদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয় 

























