জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব হবে তরুণদের হাতে। তারা ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আর আমরা থাকব পেছন থেকে শক্তি যোগানোর ভূমিকায়।
শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী ছাত্রনেতাদের সংবর্ধনা দিতে এ আয়োজন করা হয়।
তরুণদের দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “তোমাদের নেতৃত্বেই হয়েছে অভ্যুত্থান। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতেই গড়ে উঠবে।”
আগামী জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা নিয়েও তিনি মন্তব্য করেন। বলেন, “আমাকে অনেকে জিজ্ঞেস করে- আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলি, কয়েকটা দিন অপেক্ষা করুন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- তেমনই হবে আগামীর বাংলাদেশ।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ, গবেষণা, জ্ঞানচর্চা ও সততার পরীক্ষায় শতভাগ সফল হতে হবে শিক্ষার্থীদের।
সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন শিবিরের সাবেক সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সরকার, ডাকসু ভিপি সাদিক কায়েম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা, ও রাকসুর নির্বাহী সদস্য সুজন চন্দ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
তবে আমন্ত্রণ জানানো হলেও ছাত্রদলের নেতারা অনুষ্ঠানে যোগ দেননি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























