রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্থানীয় প্রার্থীর মনোনয়ন দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা রায়হানুল আলম রায়হানের সমর্থকরা।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পবা থানার নওহাটায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি নওহাটা কলেজ মোড়ে পৌঁছালে তারা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই অবরোধে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা এ সময় স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
রাজশাহী-৩ আসনে ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি, পবার যোগ্য সন্তান এবং এলাকার জনমানুষের জনপ্রিয় নেতা মো. রায়হানুল আলম রায়হনকে আমরা এই আসনের প্রার্থী হিসেবে দেখতে চাই।” তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রায়হানুল আলম রায়হানের নাম পুনর্বিবেচনার দাবি জানান এবং স্থানীয় নেতাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।বিক্ষোভের কারণে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রায়হান রোহানঃ 
























