ব্যাট হাতে দারুণ বিপিএল কাটালেন নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে জিতে নিয়েছেন প্রথম বিপিএল শিরোপা। সেই শিরোপা নিয়েই তিনি এলেন সংবাদ সম্মেলনে। একসময় প্রশ্ন উঠল- বিপিএল তো শেষ, পরের খেলা কবে জানেন? নাজমুল এক কথায় উত্তর দিলেন, ‘না’।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি। আর দৈবক্রমে অংশ নিলেও নাজমুল বিশ্বকাপ দলের অংশ নন। আগামী মার্চে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। তিন ম্যাচের ওই টি-টোয়েন্টি সিরিজেও তার থাকার নিশ্চয়তা নেই। গত এক বছর ধরেই টি-টোয়েন্টিতে শান্ত খেলছেন না। এখন শুধু শান্ত নয়, পুরো বাংলাদেশ ক্রিকেট দলেরই ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। দুশ্চিন্তা আছে ঘরোয়া লিগ নিয়েও
সংবাদ সম্মেলনে এসব নিয়ে দুশ্চিন্তা আড়াল করেননি শান্ত, ‘চিন্তা তো একটু হয়। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ তো আমরা কেউই জানি না। খেলোয়াড় হিসেবে চিন্তা একটু হচ্ছে। এখানে অস্বীকার করার কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে গত এক-দেড় বছরে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, বিশেষত বাইরে যে ধরনের পরিবেশ, এটা আমাদের আসলে (মাঠের) ক্রিকেটে অনেক ব্যাহত হচ্ছে।’
বিসিবিকে অনুরোধ করে শান্ত বলেন, ‘যারা দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয় এটা খুব গুরুত্বপূর্ণ। চালু বলতে (এখনো) খেলা চলছে, কিন্তু কীভাবে ক্রিকেটটা আরও সুন্দরভাবে চালানো যায় এটাই গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে অনুরোধ করব, এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি আসলে কী হবে, না হবে। আমার মনে হয় সবাই নিজেদের জায়গা থেকে ঠিকমতো দায়িত্ব পালন করবেন, যাতে ক্রিকেটটা সুন্দরভাবে মাঠে নিয়মিত হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়, এটাই গুরুত্বপূর্ণ।’
ঘরোয়া পর্যায়ে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে খেলা বয়কট করেছে প্রায় অর্ধেক ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগেও ৮টি ক্লাব বিদ্রোহ করেছে। এই সংকট নিয়ে শান্ত বলেন, ‘যদি আমরা বিশ্বকাপে না যাই সে ক্ষেত্রে ঢাকা লিগের অনেক বেশি গুরুত্ব থাকবে কারণ খেলোয়াড়দের এত লম্বা সময় বসে থাকাও কঠিন। ঢাকার ক্রিকেটটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কথা হচ্ছে হবে কী হবে না। আমি অনুরোধ করব যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয়।’
শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে আলাদা একটা টুর্নামেন্ট আয়োজনের অনুরোধও বোর্ডকে জানিয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘আরেকটা অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও একটা ভালো টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে যেন খেলোয়াড় হিসেবে আমরা খেলার সুযোগ পাই। বাইরের যেই জিনিসগুলো এখন হচ্ছে এগুলো আসলে ঠিকঠাক করে মাঠের ক্রিকেটটা আরও সুন্দরভাবে যেন নিয়ে আসতে পারি এবং খেলোয়াড়রা যেন খেলার সুযোগ পাই।’

রিপোর্টারের নাম 

























