সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এ মন্তব্য করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব।
গণসংযোগে মির্জা ফখরুল বলেন, ‘আগে নৌকা আর ধানের শীষ ছিল, ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন আর নৌকাটা নাই। নৌকার যিনি কাণ্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আপনাদের ফেলে ভারতে চলে গিয়ে দিল্লিতে বসে আছেন। আর আমাদেরকে বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলতো।’
বিএনপি মহাসচিব বলেন,‘আমরা বুড়া হয়ে গেছি, বহুবার নির্বাচন করছি, এমপি হইছি। সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে।’
তিনি আরও বলেন, ‘আমার তো শেষ সময়, এটাই আমার হয়তো শেষ নির্বাচন, আমি আপনাদের কাছে শেষ সময়ে এসেছি; এবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দেবেন। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি। পাকিস্তান আমাদের ওপর খুব অত্যাচার করতো, এজন্য আমরা আলাদা হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম।’
‘সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য, সহযোগিতা করছে; আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে এখন আবার ওরাই ভোট চাচ্ছে! তারাই ভোট চাচ্ছে, দেশ চালাবে’, যোগ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘যে দলটা আমার দেশটাকেই বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না; তার কাছে ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি? করবো না তাই না? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওইটাই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।’
রাজনীতি ব্যবসা করার জন্য করেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বাপের বাড়িঘর, জমিজমা বেঁচে রাজনীতি করি। নতুন করে জমিজমা, বাড়িঘর কিনি নাই। আজকে একটা সুযোগ আসছে আপনাদের সঠিক সিদ্ধান্তের ফলে দেশটার কল্যাণ করতে পারবো। আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন, তাহলে আপনাদের সেবা করার সুযোগ পাবো।’

রিপোর্টারের নাম 
























