আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ভোট কেনার জন্য টাকা বিতরণ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে যাচাই না করে কোনো সংবাদ প্রকাশে সংবাদমাধ্যম কর্মীদের কাছে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছে দলটি।
আজ বুধবার সকালে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘গতকাল বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের কর্মীরা টাকা বিতরণ করছে’ মর্মে একটি ভুয়া সংবাদ সময় টেলিভিশন ও ৭১ টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত হয়। অথচ পুরো ঘটনাটা ছিলো সাজানো; স্থানীয় সংবাদকর্মীরা একটি যাচাই করলেই এর সত্যতা বের করতে পারতেন।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা জানি যেকোনো সংবাদ পরিবেশনের আগে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সংবাদের ক্ষেত্রে তা করা হয় নাই। উপস্থিত যে চিত্র দেখানো হয়েছে, তাই লাইভ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিনয়ের সঙ্গে সকল সংবাদমাধ্যম কর্মী ও ব্যবস্থাপকদের অনুরোধ করবো যেন প্রতিটি সংবাদ প্রকাশের আগে যাচাই করে নেওয়া হয়। বিশেষ করে অনলাইনে সংবাদ প্রচারে এই সতর্কতা আরও বেশি জরুরি। কারণ প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যম থেকে ভুল সংবাদ প্রচারিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে, সমাজে গুজব ছড়িয়ে পড়ে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে বলছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো আসনেই ভোট কেনার জন্য টাকা বিতরণ করেনি, এমন নীতিবিরুদ্ধ কাজের বিরুদ্ধেই দলটির রাজনীতি।
বিবৃতিতে এই সংক্রান্ত যে কোনো গুজবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























