ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল, এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে জোর দিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সুশাসন, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে তুলতে তিনি সবার সহযোগিতাও কামনা করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া বিএনপির সরকার দেশ গড়ার ক্ষেত্রে মেধা ও প্রযুক্তিকে গুরুত্ব দেবে জানিয়ে তিনি বলেন, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়ে কাজ করবে বিএনপি। যেখানে মেধা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়াকে গুরুত্ব দেওয়া হবে।
বিএনপির সরকার তিনটি বিষয়কে গুরুত্ব দেবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমরা তিনটি জিনিসকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতে বিএনপির সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। যেখানে সমতা ও পারস্পরিক সম্পর্কও গুরুত্ব পাবে বলে জানান তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















