ঝিনাইদহের মহেশপুর ভারতীয় সীমান্তে পৃথক পৃথক অভিযানে অবৈধভাবে ভারত গমনের সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, ভোর ৩টা ৫২ মিনিটে বেনীপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬১/৯-এস সংলগ্ন বেনীপুর গ্রামের মাঠ এলাকা থেকে সুমন বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেন। তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তার বাড়ি রংপুর জেলার চিলমারী থানার সাবাইবাড়ী গ্রামে।
এরপর সকাল ৮টা ৩০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৩/৮-আর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করেন। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। আটককৃত পুরুষ রফিকুল মণ্ডল (৪১) খুলনা জেলার ডুমুরিয়া থানার বৈচারা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
একই দিন সকাল ৯টা ৩০ মিনিটে পালিয়ানপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৩/২৬-আর সংলগ্ন ঝাউদিয়া গ্রামের একটি কলা বাগান থেকে আরও তিনজনকে আটক করেন। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। আটক দুই পুরুষ হলেন— সুমন মন্ডল (৫৫), গ্রাম গোরীপুর, থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ এবং সুকর মন্ডল (৪৬), গ্রাম হাসাড়া, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার রোধে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও মানবপাচার প্রতিরোধে বিজিবির এমন ধারাবাহিক তৎপরতা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















