পাকিস্তানে বয়সের বড় ব্যবধান সত্ত্বেও এক বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দেশটির রাওয়ালপিন্ডি শহরের চাকলালা এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর নামের এক ব্যক্তি ২২ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেছেন।
জানা গেছে, পারস্পরিক ভালোবাসার সম্পর্কের সূত্র ধরেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে কৌতূহল সৃষ্টি হয়। পরে বিভিন্ন কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আগ্রহে বিষয়টি দ্রুত আলোচনায় উঠে আসে।
বয়সের বড় ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে যেমন প্রশংসা এসেছে, তেমনি সমালোচনাও হয়েছে। তবে এসব সমালোচনার জবাবে হাকিম বাবর বলেন, মানুষের বয়স নয়—মনটাই আসল। তার ভাষ্য, তারা কোনো অনৈতিক কাজ করেননি, বরং পারস্পরিক সম্মতি ও ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায় বিয়েটি সম্পন্ন করেছেন।
তিনি আরও জানান, তার স্ত্রী আগে বিবাহবিচ্ছিন্ন ছিলেন এবং ইসলামের দৃষ্টিতে এমন নারীকে বিয়ে করা অনুমোদিত। এ বিষয়টিকে তিনি ইতিবাচকভাবেই দেখেন।
অন্যদিকে, তরুণী স্ত্রীও স্বামীর মতামতের সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হওয়া উচিত নয়। সত্যিকারের সম্পর্ক পেলে দেরি না করে বৈধভাবে সেটিকে স্বীকৃতি দেওয়া উচিত বলেও মত দেন তিনি।
নবদম্পতি জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের পর তারা একসঙ্গে সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পরিকল্পনা করেছেন। এরপর ইউরোপের নেদারল্যান্ডস সফরেও যাওয়ার ইচ্ছা রয়েছে তাদের।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























