প্রকাশিত সময় :
১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
৪
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর শোনা যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। তবে ইরানের মূল ধারার অন্যান্য সংবাদ মাধ্যমগুলোতে এ বিষয়ে এখনো কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
সূত্রটি ইরান ইন্টারন্যাশানালকে জানায়, রোববার পাঠানো ওই চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেন, প্রেসিডেন্ট ও সরকারকে কার্যত দেশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে সৃষ্ট শূন্যতার সুযোগ নিয়ে ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কট্টরপন্থী গোষ্ঠীগুলো রাষ্ট্রীয় কার্যক্রমের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে সরকারের নেতৃত্ব দেওয়া এবং তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই তিনি অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়েছেন।
তবে এখনো স্পষ্ট নয় যে, মোজতবা খামেনি প্রেসিডেন্টের পদত্যাগ গ্রহণ করবেন কি না। তবে চিঠির বিষয়বস্তু ক্ষমতার সর্বোচ্চ স্তরে গভীর ও নজিরবিহীন মতবিরোধের ইঙ্গিত দেয়।
গত কয়েক মাস ধরে সরকার ও ইসলামী প্রজাতন্ত্রের সামরিক-নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তেজনা চলছিল। বিভিন্ন সূত্রের দাবি, আইআরজিসি ধীরে ধীরে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা সীমিত করে সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
অবগত সূত্রগুলো বলছে, এর ফলে পেজেশকিয়ানের প্রশাসন রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যে পড়ে গেছে। এতে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া এবং মন্ত্রিসভা কাঠামোয় প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।