ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রানেকে হারিয়ে শোকাহত বলিউড সুপারস্টার সালমান খান। প্রিয় বন্ধুর শেষ বিদায় জানাতে মুম্বাইয়ে তাঁর শেষকৃত্যে উপস্থিত হন অভিনেতা।
সেখানে নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও বারবার আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় তাকে।
সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার মুম্বাইয়ে কুমুদ রানের শেষকৃত্য সম্পন্ন হয়। সালমান খানের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন খান পরিবারের আরো অনেক সদস্য।
তাদের মধ্যে ছিলেন সালমানের মা সালমা খান, সৎমা হেলেন, ভাই আরবাজ খান ও সোহেল খানসহ পরিবারের ঘনিষ্ঠজনেরা।
জানা যায়, কুমুদ রানের সঙ্গে খান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাই তাঁর মৃত্যুতে পুরো পরিবারই গভীর শোক প্রকাশ করেছে। শেষকৃত্যের অনুষ্ঠানে সালমানকে অত্যন্ত গম্ভীর ও বিষণ্ণ দেখাচ্ছিল।
বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তিনি নিজেকে সংযত রাখার চেষ্টা করলেও প্রিয়জনকে হারানোর বেদনা তাঁর চোখেমুখে স্পষ্ট হয়ে উঠেছে।
কড়া নিরাপত্তার মধ্যেই শ্মশানঘাটে পৌঁছান সালমান খান। তবে সেখানে কোনো তারকাসুলভ আচরণ নয়, বরং এক শোকাহত বন্ধুর মতোই শেষ বিদায় জানান তিনি।
এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত মন্তব্য করেছেন, পর্দার ‘ভাইজান’-এর মানবিক ও আবেগপ্রবণ দিক তাদের হৃদয় ছুঁয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কুমুদ রানের সঙ্গে সালমান খান ও তাঁর পরিবারের সম্পর্ক ছিল বহু বছরের।
তাই এই মৃত্যু ব্যক্তিগতভাবেও বড় এক ক্ষতি হয়ে এসেছে অভিনেতার জীবনে। এদিন জনপ্রিয় তারকাকে নয়, বরং একজন প্রিয় মানুষকে হারানোর শোকে ভেঙে পড়া বন্ধুকেই দেখেছেন উপস্থিত সবাই।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















