রাজশাহী জেলায় পৌনে লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। আজ ৫ জুন সকাল ৮টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ কার্যক্রম ৫ জুন সকাল ৮টা থেকে ১৯ জুন পর্যন্ত চলবে।
পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনোয়ারুল কবীর, রাজশাহী সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলঅম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী। অতিথিগণ বলেন, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধে এ ক্যাপসুল খাওয়ানো জরুরী।
জানা গেছে, সরকারি কর্মদিবসগুলোতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৯৬১ জন শিশু একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪০ হাজার ৪৮৫ জন শিশু একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।
১৭৪৪ টি আউটরীচ কেন্দ্র ও ১০ টি স্থায়ী কেন্দ্র থাকবে। এতে ১৬২ জন স্বাস্থ্য সহকারী, ২২৮ জন সিএইচসিপি, ২৭০ জন পরিবার কল্যাণ সহকারী ও ৩ হাজার ৫০৮ জন স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবে।
যারমধ্যে পবায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৯শ’ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২১৬ টি আউটরীচ কেন্দ্র ও ১ টি স্থায়ী কেন্দ্র থাকবে। এতে ২৭ জন স্বাস্থ্য সহকারী, ৪৩৪ জন স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনে দায়িত্ব পালন করছেন।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























