বান্ধবীকে ধর্ষণের পর নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ম্যাসন গ্রিনউডকে। ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে অভিযোগ প্রমাণিত হওয়ার আগপর্যন্ত গ্রিনউড দলের হয়ে খেলা তো দূরে থাক, ক্লাবে প্রশিক্ষণেরও সুযোগ পাবে না।
ম্যানচেস্টারের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সোশ্যাল মিডিয়ার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়- হ্যারিয়েট রবসন নামে এক নারীর শরীর থেকে রক্ত ঝরছে।
রবসন গ্রিনউডের বান্ধবী। তাকে নির্যাতন করেন গ্রিনউড। নির্যাতিতা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখান।
সেই ভিডিও এবং ছবি ভাইরাল হতেই তদন্ত শুরু করে ম্যানচেস্টার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনউডকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, মেসন গ্রিনউড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুশীলনে ফিরবেন না বা ম্যাচ খেলবেন না।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিও সম্পর্কে সচেতন। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা আর কোনো মন্তব্য করব না। ম্যানচেস্টার ইউনাইটেড কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























