মানসিক ও শারিরীকভাবে ফিট না থাকার কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন সাকিব আল হাসান। এ নিয়ে ক্ষুব্ধ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সাকিবকে খোঁচা দিয়ে বলেছেন, ‘কীভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? মানসিকভাবে বিপর্যস্ত হইলে তো সে আইপিএলে খেলতে যেত না!’
আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিবি প্রধান আরও বলেন, ‘গতকাল রাতে জালাল ভাই (জালাল ইউনুস) আমাকে ফোন করে বললেন, সাকিব বলছে সে দক্ষিণ আফ্রিকায় খেলবে না সে দুবাই যাচ্ছে। কারণ আফ্রিকায় যাওয়ার মতো সে মানসিক ও শারিরীকভাবে ফিট না।’
পাপন আরও বলেন, ‘আবার কোথায় যেন বলেছে শুনলাম, সে ওডিআই খেলবে না টেস্ট খেলবে! যে যদি যেতে না চায় এটা নতুন কিছু না। আমার মনে হয় সে একটু মেন্টালি ডিস্টার্বড। ও দুই দিন সময় নিয়েছে। একটু ভাবুক। ভেবে আমাদের জানাক।’
হতাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। যখন নাকি দল জিতে আর ওই টিমে সে থাকে তখন সেইটা হবে দারুণ খুশির ব্যাপার। সেখানে সে নাকি সাকিব এই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সে নাকি এনজয়ই করে নাই!’
এসময় বিসিবি প্রধান আরও বলেন, ‘তার যদি অফ ফর্ম থাকে তাহলে বলুক খেলব না। খেলা শেষ হওয়ার পর এনজয় করি নাই, আগ্রহ নাই বলছ কেন? কীভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? মানসিকভাবে বিপর্যস্ত হইলে তো সে আইপিএলে খেলতে যেত না। ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত?’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























